নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ১ নভেম্বর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আদেশের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তীতে তা তদন্তে প্রমাণিত হয়। তাঁর এ ধরনের কার্যকলাপ ইউনিয়ন পরিষদসহ সামগ্রিক জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে দুর্নীতির দায়ে বিতর্কিত এই চেয়ারম্যানের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।




