বিনোদন ডেস্ক: স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করতে শুরু করেছে। নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি।
মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেছে। গত ১৮ ডিসেম্বর মুক্তির পর সিনেমাটি প্রথম তিন দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি শুক্রবার প্রথমদিনে ১২০.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে উত্তর আমেরিকা বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। এর আগে শুক্রবারে প্রথমদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল হ্যারি পর্টার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু সিনেমার দখলে। সিনেমাটি আয় করেছিল ৯১ মিলিয়ন মার্কিন ডলার।
মুক্তির পরের দিন শনিবার সিনেমাটি আয় করে ৬০ মিলিয়ন মার্কিন ডলার। প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ৩০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। পাশাপাশি ধারণা করা হচ্ছে, সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষে উঠে যাবে স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স।
গত বৃহস্পতিবার প্রিভিউ শো থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ মিলিয়ন মার্কিন ডলার। যা নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল হ্যারি পর্টার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু সিনেমার দখলে। সিনেমাটি আয় করেছিল ৪৩.৫ মিলিয়ন মার্কিন ডলার।