ব্রাহ্ম ধর্মের অনুসারী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রাচীন আর্য ঋষিগণের প্রতিনিধি। তাঁর নিজস্ব রাজনৈতিক দর্শন ছিল। আর্য শাসিত প্রাচীন ভারতের রীতিনীতি, প্রথা-পদ্ধতি ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন রবীন্দ্রনাথ।
শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের ক্ষেত্রে, রবীন্দ্রনাথের কিছু মৌলিক চিন্তা ছিল। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে আজও প্রাচীন গুরুকুল অনুসরণে গাছতলায় বসে শিক্ষা প্রদান করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয়- যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সুইডেনের মহান বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রবর্তক। এশিয়া মহাদেশে জাপান তখন পরাশক্তি। জাপান চাইলে – নোবেল পুরস্কারের বিকল্প কোন আন্তর্জাতিক স্বীকৃতির প্রচলন ঘটাতে পারত। জাপানিরা সেটা করেনি; তারা তখন পূর্ব এশিয়ায় শোষণ-লুণ্ঠনে ব্যস্ত।
রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্তি- পরাধীন ভারতবর্ষের জন্য ছিল নবজাগরণতুল্য। নোবেল পুরস্কার পাওয়ার পর, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বিখ্যাত হয়ে ওঠেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে আমন্ত্রণ আসতে থাকে। রবীন্দ্রনাথ বিশ্বভ্রমণে বের হন। তিনি বিশ্ববাসীর সামনে প্রাচীন আর্য ভারতকে তুলে ধরেন ― উদ্দেশ্য ছিল ইউরোপীয় সভ্যতার বিপরীতে প্রাচীন ভারতীয় সভ্যতাকে দাঁড়া করানো।
মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘মহাত্মা’ বলে ডাকতেন রবীন্দ্রনাথ। সেই সুবাদে গান্ধীজীর নাম হয়ে যায় মহাত্মা গান্ধী। আবার সুভাষচন্দ্র বসুকে ‘নেতাজি’ বলে ডাকতেন রবীন্দ্রনাথ। একই ভাবে সুভাষচন্দ্রেও নাম হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বসু।
রবীন্দ্রনাথ একটি চিঠিতে গান্ধীজীকে লিখেছিলেন, “স্বরাজ যেন একটি লেখনি, যার মাধ্যমে আপনি মহাকাব্য লিখে ফেলবেন। আগে মহাকাব্য লেখার যোগ্যতা অর্জন করুন।” রবীন্দ্রনাথ আশঙ্কা করেছিলেন, ব্রিটিশ চলে গেলে- সাম্প্রদায়িক তিক্ততা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রবীন্দ্রনাথের ভাগ্য ভালো, রক্তাক্ত পার্টিশন তাঁকে দেখতে হয়নি।
গান্ধীজী জানতেন, রাষ্ট্র চালানোর উপযুক্ত তিনি নন। যে কারণে গান্ধীজী নবপ্রতিষ্ঠিত ভারত রাষ্ট্রটিকে গড়ে তোলার দায়িত্ব দিয়েছিলেন ― জওহরলাল নেহেরু, বল্লভ ভাই প্যাটেল ও বি আর আম্বেদকরের উপর। তিনজনই ছিলেন বিলাত ফেরত, পাশ্চাত্যের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার পক্ষপাতী। আধুনিক ভারতের এই বিনির্মাতা-ত্রয়ী সম্পূর্ণভাবে পাশ্চাত্যকে অনুসরণ করেছিলেন – শাসনতন্ত্র ও শিক্ষা ব্যবস্থা প্রণয়নে। ফলে রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা ও স্বপ্নগুলো বন্দী হয়ে যায়, একাডেমীর চার দেয়ালের মধ্যে।