জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই ব্যক্তিকে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বগুড়ার ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজ নেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আজিজকে সিএনজি অটোরিকশা

সিএনজিচালিত অটোরিকশাটি পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আজিজ শেখ। তিনি মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ মেটান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। এতে তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়।

অটোরিকশা দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী

আহতদের পাশে থাকা গফফার পেলেন দুই রিকশা

কুষ্টিয়ার আলমডাঙ্গার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করতেন তিনি। একই সঙ্গে নিজের রিকশায় করে আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিতে সহযোগিতা করেন।

গফফার জানান, উপহার পাওয়া রিকশার একটি তিনি ঢাকায় চালাবেন। অন্যটি ভাড়া দিয়ে আয় করার পরিকল্পনা রয়েছে তার।

আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা

এদিকে বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে ছিলেন তিনি।

উপহার পাওয়া অটোরিকশা দুটির মাধ্যমে তার আয় ও জীবিকার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।