চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী

চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী
চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম

বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় চলনবিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। চলনবিল অঞ্চলে ইকো-ট্যুরিজমভিত্তিক সমন্বিত প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রী ওই এলাকা ঘুরে দেখেন।

পরে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ চলনবিল এলাকায় রয়েছে বিভিন্ন পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শন। একই সঙ্গে এ অঞ্চলের জীববৈচিত্র্যও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।

মন্ত্রী বলেন, সম্ভাবনাময় চলনবিলকে আরও আকর্ষণীয় ও সময়োপযোগী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। দেশের পর্যটন খাতের পাশাপাশি চলনবিলের পর্যটন অবকাঠামো আধুনিকায়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলনবিলের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে তিনি এখানে এসেছেন। চলনবিলকে নতুনভাবে সাজাতে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত শুরু করা হবে।

মতবিনিময় সভায় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি স.ম. আফছার আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানসহ সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।