যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৯০ জনের মৃত্যু, ৩০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৯০ জনের মৃত্যু, ৩০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় প্রবাহিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের সবচেয়ে বড় এই তুষারঝড় গত মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার প্রায় ৩০টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১২ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমেছে। শীত মৌসুমের শুরু থেকেই বিভিন্ন দুর্ঘটনা ও শীতজনিত কারণে এ পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার বিকেল থেকে রাত জুড়ে উত্তর-পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া থেকে নিউ ইয়র্কের হাডসন উপত্যকা হয়ে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে ২০ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের স্তর জমতে পারে।

মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার উড়োজাহাজের সিডিউল বাতিল ও ৭ হাজার উড়োজাহাজের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বরফ সরানোর জন্য বন্ধ করা হয় নিউ ইয়র্কের জেএফকে, লাগোর্ডিয়া, ফিলাডেলফিয়ার আন্তর্জাতিক ও নিউজার্সির নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক পথ। তুষারঝড়ের কারণে মঙ্গলবার সকালে প্রায় ৩০টি অঙ্গরাজ্যের স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউইয়র্ক সহ তুষার ঝড়টি আঘাত হেনেছে নিউজার্সি অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলসহ হাডসন ভ্যালি এবং কানেকটিকাট অঙ্গরাজ্যে। প্রাকৃতিক দুর্যোগের ফলে সিটির পাবলিক স্কুলগুলো খোলা থাকলেও ইনপার্সন কোনো ক্লাস হবে না। তবে ক্লাস চলবে রিমোর্টে। সিটির ক্যাথলিক এলিমেন্টারি স্কুলগুলোও বন্ধ থাকবে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বার্তার পাশাপাশি সব ব্যবস্থা গ্রহণ করেছে সিটি প্রশাসন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

নিউইয়র্কের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, মঙ্গলবার ২৫ থেকে ৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইছে। প্রবল বাতাসের তীব্রতা শেষ বিকেলের মধ্যে শেষ হলেও উপকূলীয় এলাকায় দুই ফুট পর্যন্ত বন্যা দেখা দিতে পারে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মেয়র এরিক এডামস সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। এ সময় স্যানিটেশন বিভাগের কমিশনার জেসিকা টিশসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে স্টেট গভর্নর ক্যাথি হোকল দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার অফিস আর সিটি মেয়র অফিস যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।