বিশেষ প্রতিবেদক : যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে কনসার্টে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। আরিয়ানার গান শেষ হওয়ার পর পরই রাত সাড়ে ১০টার দিকে বোমা বিস্ফোরিত হয়। হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গত রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলায় অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। একের পর একসন্ত্রাসী ঘটনা বিশ্বব্যাপী সংঘটিত হয়েই চলেছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতা পরিপন্থী কাজ। সন্ত্রাসীরা সমগ্র মানবজাতির শত্রু।’
খালেদা জিয়া বলেন, ওই বোমা হামলা শুধু নিষ্ঠুর বর্বরতাই নয়, এটি মানবজাতির জন্য অশনিসংকেত। একটি শান্তিপূর্ণ উৎসবমুখর অনুষ্ঠানে বোমা হামলা করে মানুষ হত্যা কাপুরুষোচিত কাজ। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্যই সন্ত্রাসীরা সাধারণ নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। এখনই বিশ্ব সমাজ এদের রুখে দিতে ব্যর্থ হলে মানবজাতির অস্তিত্ব হয়ে পড়বে বিপন্ন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘বোমা হামলায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করছি। এমন দুঃখজনক, হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনায় যুক্তরাজ্যবাসীর প্রতি বিএনপি ও আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী, যুক্তরাজ্য সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে। সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সক্ষম হবে।’
অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোমা হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসীদের এমন হামলা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। বিশ্বের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদের অন্ধ হিংস্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে।বোমা হামলায় অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।




