যশোর প্রতিনিধি: আরো বাড়ছে যশোরের করোনা শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১৪৩জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনাক্তের হার ৪৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিলো ৪২ শতাংশ। এছাড়া একজন করোনা পজেটিভ ও একজন করোনা সাসপেক্ট রোগী মারা গেছেন। এদিকে করোনার উর্ধ্বগতির কারণে আজ মধ্য রাত থেকে যশোরের দুটি পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।
গত মে মাসে ভারত সীমান্তবর্তী জেলা হিসেবে যশোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এ মাসের শেষ সপ্তাহে যশোরে করোনা শনাক্তের হার পূর্বের তুলনায় কিছুটা বাড়তে থাকে। জুন মাসের শুরুতে থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। গত ৭জুন শনাক্ত হয় ২৯ শতাংশ। ৮জুন তা বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৮৮জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪৩জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ৪৯ শতাংশ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপরজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৪জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। উর্ধ্বমুখি এ হার রুখতে আজ মধ্যরাত থেকে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে। এর ফলে যশোর শহর থেকে কোন যানবাহন ছেড়ে যাবে না, দোকানপাট, বিপনী বিতান, পার্ক, কমিউটিনি সেন্টার সব বন্ধ থাকবে। কেবল কাচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপন্যের দোকান এর আওতামুক্ত থাকবে।




