মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ সেবা প্রদানের লক্ষে এবং দেশটিতে যারা অবৈধ রয়েছে তাদের পছন্দমতো নিয়োগকর্তা খোঁজে বৈধতা গ্রহণ করতে ‘চাকরির খোঁজ’ নামে একটি অনলাইন পোর্টাল উদ্বোধন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল,২০২১) রাত সাড়ে ৯ টায় এক ভার্চ্যুয়াল সভায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
ডেপুটি হাইকমিশনার (মিনিস্টার) খোরশেদ এ খাস্তগীরের উপস্থাপনায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
হাইকমিশনার মো. গোলাম সারওয়ার তার বক্তব্যে বলেন, ‘করোনাকালিন অনেক প্রবাসী শ্রমিক চাকুরি হারিয়েছেন। আবার অনেক মালিক কাজের জন্য লোক খুঁজে পাচ্ছেন না। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি ৪ হাজার শুন্য পদে নিয়োগ দেয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছেন। আরো অনেক কোম্পানি যোগাযোগ করছে। ‘চাকরির খোঁজ’ পোর্টালের মাধ্যম মালয়েশিয়া প্রবাসিদের জন্য নতুন দুয়ার উন্মোচিত হলো। শ্রমিক মালিকের মধ্যে সরাসরি সমন্বয়ের একটি মাধ্যম তৈরি হলো।’
প্রধান অতিথি ইমরান এইচ আহমেদ বলেন, ‘প্রবাসীদের জন্য আমরা সার্বক্ষণিক ভালো কিছু করতে চাই। দালাল থেকে প্রবাসীদের রেহাই দিতে আমরা ডিজিটাল প্লাটফর্মকে গুরুত্ব দিচ্ছি। এরই অংশ হিসেবে আমরা ‘চাকরির খোঁজ’ পোর্টাল চালু করেছি। মালয়েশিয়া থেকে শুরু এ পোর্টাল কার্যকরি হলে অন্যান্য দেশেও তা চালুর চিন্তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এছাড়াও তিনি এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় হাই কমিশনকে ধন্যবাদ জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, এই ‘চাকরির খোঁজ’ প্ল্যাটফর্মটি প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উদাহরণ। হাইকমিশনের সময়োচিত উদ্যোগের ফলে বিপুল সংখ্যক প্রবাসী উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম ‘চাকরির খোঁজ’ পোর্টাল কিভাবে কাজ করবে সে সম্পর্কে বক্তব্য দেন এবং একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন। এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই একজন কর্মী তার চাকরি খুঁজে নিতে পারবে বলে আশা ব্যক্ত করেন শ্রম কাউন্সিলর।
উল্লেখ্যেযে নতুন এ পোর্টাল চালুর মাধ্যমে একদিকে যেমন কোম্পানিগুলো তাদের কর্মশুন্য স্থানের জন্য লোক খুঁজে পাবে, অন্যদিকে কাজের খোঁজে থাকা প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দমতো কাজে যোগ দিতে পারবেন।
আর এ প্রক্রিয়ায় অংশ নিতে হলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেইসবুক পেইজের সঙ্গে থাকতে হবে।
অনলাইন এ পোর্টালের মাধ্যমে কোম্পানির সুযোগ-সুবিধা, বেতন কাঠামোসহ অন্যান্য সকল বিষয়ে জানার সুযোগ থাকবে এবং নিজেই নিজের পছন্দমতো কাজের জন্য আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়ায় কোন অর্থ ব্যায়েরও প্রয়োজন নেই বলে জানানো হয়।
ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,মালয়েশিয়ার শ্রম বিভাগের উপ-মহাপরিচালক মো. আসরি আবদুল্লাহ ওয়াহাব, ডটলাইনস গ্রুপের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন, মালয়েশিয়ার সিমে ডার্বি প্ল্যান্টেশনের ওয়ার্কফোর্স ম্যানেজমেন্টের প্রধান বদরুল হিশাম ইসমাইল ও জেসলিন ওং।



