বিশেষ প্রতিবেদক : মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এই দিন ধার্য করেন।
এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ঠিক করে দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলাটি বিচারক আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আরজি থেকে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেদাজিয়া বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।এ ছাড়া উন্নয়নের নামে পদ্মা সেতু ও ফ্লাইওভারের কাজ বিলম্ব করে অর্থ লুটপাট করছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। এ ঘটনায় বাদীর মানহানি হয়েছে বলেআদালতে মামলাটি দায়ের করা হয়।




