জাহিদুল ইসলাম সেতুঃ মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের রামপুর এলাকায় বন্দুকযুদ্ধে বাশার(৪০) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত বাশার ডাকাত বিল্লপাড়া এলাকার গোলাম সরোয়ার বিশ্বাষের ছেলে।
শুক্রবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামের একটি ফাকা মাঠের ভেতরে দুইদল ডাকাতদের মধ্যে গোলাগুলির সময় বাশার ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাশারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নির্ঝর ভৌমিক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪টি রামদা উদ্ধার করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলাম বন্দুক যুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাশার ডাকাতের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।


