মো: আনিছুর রহমান,বেনাপোল থেকে: খোকা ফিরবে…কবে ফিরবে…নাকি ফিরবে না….। সেই বিখ্যাত গানের কয়েকটি চয়ন উচ্চারণ এবং সরেজমিন বাস্তবিকতা দেখে কোনও পাশন্ডের ক্ষমতা নেই চোখের পানি ধরে রাখতে। মনের অজান্তে হলেও চোখের কোণে পানি চলে আসে। মা জননী কাঁদছে…..। আজো অপেক্ষায় আছে খোকা ফিরবে। সোনামনি ফিরবে। কিন্তু তারা আর কোনও দিন ফিরবে না। চলে গেছে বহু দূরে। না ফেরার দেশে।
২০১৪ সালের এই দিনে (১৫-ই ফেব্রুয়ারি) বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্র সোনামনিরা স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিল ঐতিহাসিক মুজিব নগর। সেখান থেকে ফেরার পথে যশোরের চৌগাছায় এক কালো ছায়া নিমিষেই কেড়ে নিল ৯টি সোনামনির মা ডাকার অধিকার। মর্মান্তিক সেই সড়ক ট্রাজেডিতে অন্ধকারে নিমজ্জিত হলো ৯টি হাসি-খুশি পরিবার।
সেদিন সকালে মায়ের কোলে বসে সাজুগুজু করে বাবার হাত ধরে পিকনিকের উদ্যেশ্যে গাড়িতে চেপে বসেছিল এ সকল সোনামনিরা। কিন্তু দিবাগত রাতে তারা বাড়িতে ফিরেছিলো কেবল লাশ হয়ে। সময়ের পরিক্রমায় কেটে গেছে তিনটি বছর। বর্ষ পঞ্জিকায় স্থান করে নিয়েছে মর্মস্পর্শী এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি। সেদিন এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি নাড়িয়ে দিয়েছিল বৃহত্তর যশোরসহ গোটা দেশকে আর আজো কাঁদিয়ে যাচ্ছে হতভাগা মা-বাবা সহ গোটা বেনাপোলবাসীকে। তাইতো বেনাপোলবাসী এই দিনটিকে শোকের দিন হিসাবে আখ্যায়িত করেছে। এই দিনে পিকনিক ট্রাজেডির সকল সোনামনিদের বাড়িতে বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলসহ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকের মাতমে বিভিন্ন অনুষ্টান সূচীর আয়োজন করা হয়ে থাকে সেই সাথে বেনাপোল পৌর সবার উদ্যেগে বেনাপোলের সকল স্কুলের ছাত্রছাত্রীরা শোকের রেলী বের করে থাকে।
সরেজমিনে খোজ নিয়ে জানাযায়, হতভাগিনী মা……..। সে আজো কাঁদে। পথপানে চেয়ে আছে আমার আদরের সোনামনি কবে ফিরবে…..।
প্রতিদিন ফিরে আসে সুর্য । ফিরে আসে সোনালী জোৎস্না। শুধু ফিরে আসে না আদরের সোনামনিরা। নেই সে আল্লাদে ভরা মা…মা.. ডাক। নেই বাবার গলা জড়িয়ে ধওে আবদার।তারা রেখে গেছে অজস্র স্মৃতী বিজড়িত প্রতিচ্ছবি। যা আজো আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে আছে।
আজ সেই ১৫-ই ফেব্রুয়ারি ভয়াল সড়ক ট্রাজেডির দিন। বেনাপোল জুড়ে চলছে শোকের মাতম। রাস্তা-ঘাট সর্বখানেই চলছে এই শোককে নিয়ে আলোচনা। এখনও পর্যন্ত সন্তানহারা মা-বাবাকে যেন শান্তনা দেওয়ার ভাষা কারো জানা নেই। মা জননী কাঁদছে ….। পথপানে চেয়ে আছে আমার আদরের সোনামনি ফিরবে। ডাকবে মা..মা…বলে..।