সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী। তার প্রমাণ হচ্ছে, তিনি মারা যাওয়ার পর এদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এত জনপ্রিয়তার পরেও তিন বারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ সরকার বিনা দোষে দীর্ঘদিন কারাগারে রেখেছিলো। তাকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল।
কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি বিদেশে যাব না। যদি মৃত্যু হয় এ দেশের মাটিতেই হবে’। তাই, আল্লাহ তালার ইচ্ছায় এদেশে মাটিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি।



