বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

তিন বারের  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে সরেজমিনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

অন্যদিকে বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ। সকাল সোয়া ৯টার পর খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল-সবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশান-২ এর উদ্দেশে রওনা হয়। পরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।

জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রীর মরদেহ ছেলে তারেক রহমানের বাসায় কিছু সময় রাখা হবে। এরপর জাতীয় সংসদ ভবন এলা  g কায় নেয়া হবে তার মরদেহ। সেখানে দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে সাবেক এই প্রধানমন্ত্রীকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।