বিশ্ব মেট্রোলজি দিবসে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ১৭ জাতি কর্তৃক স্বাক্ষরিত পরিমাপ সম্পর্কিত ‘মিটার কনভেনশন’- কে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এদিনে বিশ্বব্যাপী মেট্রোলজি দিবস পালন করা হয়। ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা BIPM (International Bureau of Weights and Measures) এবং OIML (International Organization of Legal Metrology) কর্তৃক এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘The International System of Units Fundamentally better’-অর্থাৎ ‘আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম’।

২০১৮ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত General Conference on Weights and Measures সভায় ওজনের একক কিলোগ্রাম, কারেন্টের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন এবং রাসায়নিক পদার্থ পরিমাপের একক মোলের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এ কারণে এ বছরের মেট্রোলজি দিবসের নির্ধারিত প্রতিপাদ্য বিশেষ গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। ওজন ও পরিমাপের সকল ক্ষেত্রে এর সঠিকতা নিশ্চিতকরণ ও পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য, নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং তার ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমাদের রপ্তানি পণ্যেও এসেছে বহুমাত্রিকতা। বিশ্ববাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বিএসটিআইসহ পণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে। আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সঙ্গতি রেখে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জনগণের স্বার্থসংরক্ষণে সকলে সচেষ্ট থাকবে -এ প্রত্যাশা করি।

আমি ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।