প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“ওজন ও পরিমাপের শীর্ষ আন্তর্জাতিক সংস্থা International Bureau of Weights and Measures (BIPM) এবং International Organization of Legal Metrology (OIML) এর সকল সদস্যভুক্ত দেশের ন্যায় বাংলাদেশের একমাত্র জাতীয় মান সংস্থা বিএসটিআই ২০ মে, ‘বিশ্ব মেট্রোলজি দিবস ২০১৯’ উদযাপন করছে জেনে আমি আনন্দিত।
বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের স্লোগান-‘The International System of Units Fundamentally better’-যার ভাবার্থ হতে পারে ‘আন্তর্জাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম’। স্লোগানটি বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে সকল উন্নয়নশীল ও উন্নত দেশের জন্য অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি। আমদানি ও রপ্তানি বাণিজ্যসহ ওজন-পরিমাপের সর্বস্তরে আন্তর্জাতিক পদ্ধতির এককে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্বের শীর্ষস্থানীয় মেট্রোলজিস্টগণ The International System of Units (SI)-কে মূল ভিত্তি হিসেবে ধরে ওজন ও পরিমাপ সম্পর্কিত যাবতীয় গবেষণার কাজ পরিচালনা করছে। এ পদ্ধতি আরো যুগোপযোগী করার লক্ষ্যে পূর্বের হস্তনির্মিত পরিমাপন পদ্ধতিতে প্রণীত ঝও ইউনিটের বিদ্যমান সংজ্ঞায় কিছু পরিবর্তন আনয়ন করা হয়, যা ২০ মে থেকে বলবৎ হবে। পরিমাপের নতুন সংজ্ঞায় পদার্থ বিজ্ঞানের পরমাণু ও অন্যান্য পরিমাপের এককের ক্ষেত্রে কোন পার্থক্য লক্ষ্য করা যাবে না। ওজন পরিমাপের দৈনন্দিন কর্মকা- যেমন আছে তেমন থাকবে এবং পরিমাপন পদ্ধতির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খতা নির্ণয় করা সহজ হবে। ফলে বিশ্বের সকল দেশের সাথে ব্যবসাবান্ধব পরিবেশ সমুন্নত থাকবে।
আমার প্রত্যাশা বিএসটিআই’র মেট্রোলজি বিভাগ তাদের গবেষণা কার্যক্রম আরো জোরদার করে উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।
আমি ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”



