বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয় পাল সিং বাঙ্গা

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয় পাল সিং বাঙ্গা
বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত অজয় পাল সিং বাঙ্গাকে মনোনয়ন দিয়েছে জো বাইডেন প্রশাসন
বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত অজয় পাল সিং বাঙ্গাকে মনোনয়ন দিয়েছে জো বাইডেন প্রশাসন। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব‍্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হলেন। অজয় বাঙ্গাকে মনোনয়নের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই সঙ্কটের সময়ে অজয় বাঙ্গাই বিশ্ব ব্যাংককে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের একাধিক আন্তর্জাতিক কোম্পানিকে সামলেছেন। বহু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।’
বিশেষজ্ঞ মহলের ধারনা, সবকিছু ঠিকঠাক থাকলে অজয় বাঙ্গাই হতে চলেছেন পরবর্তী বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস হঠাৎ করেই ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
৬৩ বছর বয়সি অজয় পাল সিং বাঙ্গার জন্ম ভারতের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক। পরে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয় বাঙ্গার। এর পর কাজ করেন সিটি ব‍্যাংকে। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল অজয় বাঙ্গাকে।
১৯৯৬ সালে আমেরিকা পাড়ি দেন অজয় বাঙ্গা। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। অজয় বাঙ্গার নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’-এর মতো অলাভজনক সংস্থার সদস্য অজয় বাঙ্গা। বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’ নামে এক বেসরকারি শেয়ার লেনদেন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন অজয় বাঙ্গা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।