বিশেষ প্রতিবেদক : বিমানকে লাভজনক করতে যা যা করা দরকার তাই করবো। রক্ত দিয়ে হলেও বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে
পরিণত করবো।বললেন নতুন দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
বৃহস্পতিবার সকালে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বিদায়ী বিমানমন্ত্রী রাশেদ খান মেনন নবনিযুক্ত মন্ত্রীকে তার চেয়ারে বসিয়ে দেন।
সে সময় তিনি বলেন, বিমানের কিছু ব্যর্থতায় মন্ত্রণালয়ের সব অর্জন শেষ হয়েছে। এ জন্য সব সময় সতর্ক থাকতে হবে।
নবনিযুক্ত মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল তার প্রতিক্রিয়ায় বলেন, আমি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছি।আমি বাইরে থেকে বিমানের অনেক বদনাম শুনেছি। বিমানকে লাভজনক করা কঠিন কাজ না।
তিনি বলেন, আমি বেশিদিন সময় পাবো না। এরমধ্যে আমাকে মন্ত্রণালয়ে আসতে হবে, সংসদে যেতে হবে আবার এলাকাও যাবো। কর্মকর্তাদের সহযোগিতা পেলে আমি কাজ করতে পারবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও, আমার রক্ত দিয়ে হলেও বিমানকে লাভজনক করবো।



