শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি এবং সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে পাইকগাছায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা।
বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ক’ গ্রুপ থেকে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরকে এবং ‘খ’ গ্রুপে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনাল ম্যাচে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়।
শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে প্রতিযোগিতার ‘প্রধান বক্তা’ নির্বাচিত হন। রচনায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী, দ্বিতীয় লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মায়মুনা জান্নাত এবং তৃতীয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের রাশি সাধু।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পাইকগাছা সর. উচ্চ বিদ্যালয়ের এস.এম. সাজেদুর রহমান, দ্বিতীয় কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের তাসনিম আক্তার তন্নী এবং তৃতীয় হন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মোঃ সাকিব আল হাসান।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অব. সহকারী অধ্যাপক জি.এম.এম. আজাহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, সহকারী অধ্যাপক নাছরিন আরা, আনসার ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা সাইদুর রহমান এবং টিটিসি শিক্ষক মোঃ সাইফুল কাজী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন ও পূর্ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, কবিন্দ্রনাথ রায়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




