পঞ্চগড়ে দশম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় টয়লেটে রেখে পালায় রুবেল হোসেন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা  প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে বিবস্ত্র অজ্ঞান কিশোরীকে টয়লেটের ভেতর  ফেলে পালায় রুবেল হোসেন।

ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায়। ধর্ষক রুবেল হোসেন (২২) কে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় রবিবার মামলা করেছে দশম শ্রেণীর ওই ছাত্রীর বাবা। ঘটনার পর থেকে ধর্ষক রুবেল পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই স্কুল ছাত্রীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দশম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীকে পাশের গ্রামের রুবেল হোসেন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।  বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিতো বখাটে রুবেল। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানায়। পরে স্কুলছাত্রীর পরিবার রুবেলের পরিবারের কাছে অভিযোগ করে। এতে রুবেল আরও বেপরোয়া হয়ে উঠে। গেল শনিবার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে তার মুখ চেপে দু’শত গজ দূরে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে।

একপর্যায়ে ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাকে বাড়ির টয়লেটে বিবস্ত্র অবস্থায় রেখে চলে যায়। মাঝরাতে ওই এলাকায় রুবেলকে দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করে কিন্তু সে পালিয়ে যায়।

এদিকে ওই কিশোরীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে ওই বাঁশঝাড়ে রুবেলের জুতা, আন্ডারওয়ার এবং ওই কিশোরীর জামা খুঁজে পায় তারা। কিন্তু কিশোরীকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে পরিবারের লোকজন টয়লেটে গিয়ে বিবস্ত্র অবস্থায় খুঁজে পায় ওই কিশোরীকে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।