বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন মওদুদ আহমদ

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন মওদুদ আহমদ

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তার মরদেহ সিঙ্গাপুর থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। মরদেহের সঙ্গে তার স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদও দেশে ফিরবেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, মরদেহ দেশে আসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার (১৯ মার্চ) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে নোয়াখালীতে নেওয়া হবে। কোম্পানীগঞ্জ কলেজ মাঠে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন সম্পন্ন করা হবে।

মওদুদ আহমেদ বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করার ওসিয়ত করে গিয়েছিলেন জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে যেন সমাহিত করা হয়। তিনি নিজেও আমাকে সেই জায়গা দেখিয়েছিলেন।’

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।