বাজারে মনিটরিং কোনো কাজে আসছে না বেড়ে চলেছে মাংসের দাম

বাজারে মনিটরিং কোনো কাজে আসছে না বেড়ে চলেছে মাংসের দাম

বাজারে ক্রমে বাড়ছে মাংসের দাম। ভোক্তাদের অভিযোগ, বাজার মনিটরিং কোনো কাজে আসছে না। গতকাল বৃহস্পতিবার মালিবাগ, মুগদা, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি। গত সপ্তাহে ছিল ৫৫০ থেকে ৫৮০ টাকা। খাসির মাংস ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি। আগের সপ্তাহে কেজিতে ৫০ টাকা কম ছিল। গরু ও খাসির সঙ্গে বাড়ছে মুরগির মাংসের দামও। ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে বর্তমানে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহ দুয়েক আগে ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা কেজি।

মালিবাগ বাজারে মাংস কিনতে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ওবাইদুল্লাহ বলেন, ‘বাজারে মাংসের দাম বেড়েই চলেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই ব্যবসায়ীরা যেমন খুশি দাম রাখছেন।’

মুগদা বাজারের ব্যবসায়ী ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুস সালাম কালের কণ্ঠকে বলেন, ‘গরুর মাংস ৫৫০ টাকা কেজি বিক্রি করলে আমাদের পোষায় না, লোকসান হয়। আমরা সিন্ডিকেট করে দাম বাড়াইনি। বাজারের নিজস্ব গতিতেই দাম বেড়েছে। আর সরকার দাম বেঁধে দিলে আমাদের ওপর লোকসান চাপিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে বাজারে আমদানি করা মোটা চালের দাম কেজিতে এক-দুই টাকা কমলেও সরু চালের দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, বস্তাপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট চালের দাম। রশিদ, সিরাজ, জাহানারা, মজুমদারসহ বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৬ টাকা কেজি। মোটা চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৬ টাকা কেজি। গত সপ্তাহে ৪৪ টাকার নিচে কোনো চাল পাওয়া যেত না।

মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষের পথে। ফলে দেশি পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে এখন ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। আদা ৯০ থেকে ১০০ টাকা, রসুন ১১০ থেকে ১২০ টাকা কেজি।

সবজির দাম আগের মতোই ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আলু কেজিতে দুই টাকা কমে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে রয়েছে। ৫০ টাকার ওপরে রয়েছে করলা, চিচিংগা, ঢেঁড়স ও কচুরলতি। টমেটো ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০, পেঁপে ২৫, গাজর ২৫, কাঁচা মরিচ ৮০ টাকা কেজির মধ্যে রয়েছে। ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।