স্পোর্টস ডেস্কঃ ফুটবলে বেহাল দশা চলছে বাংলাদেশের। হেরে যেতে হচ্ছে ভুটানের কাছেও। সেই বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে ৭-১ ব্যবধানে হারাল? এমনটা ভেবে চোখ কপালে উঠে যেতে পারে অনেকের। তবে এই স্কোরলাইনটা ফুটবলের না। ক্রিকেটের। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আটটি ম্যাচের ফলাফল এভাবেই নিজের ফেসবুক পেজে স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
২০১০ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সর্বশেষ আটটি ওয়ানডে ম্যাচের সাতটিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড জিতেছে শুধু একটিতে। ২০১৫ সালের বিশ্বকাপে। সাম্প্রতিক সময়ের এই দুর্দান্ত পরিসংখ্যানের আত্মবিশ্বাস সঙ্গী করেই এবারের নিউজিল্যান্ড সফর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী সোমবার থেকে ওয়ানডে দিয়ে শুরু হবে এই পূর্ণাঙ্গ সফর।
তবে এই সাতটি জয়ের সবগুলোই যে বাংলাদেশ ঘরের মাঠে পেয়েছে সেটা বলতেও ভোলেননি মুশফিক। এখন বিদেশেও এই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি। ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘সর্বশেষ আটটি ওয়ানডের মধ্যে সাতটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যদিও এই জয়গুলো ছিল ঘরের মাটিতে। আর এখন টাইগাররা চায় বিদেশেও এই সাফল্য অব্যাহত রাখতে। ইনশাল্লাহ!’
নিউজিল্যান্ডে গিয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই ভালো না বাংলাদেশের। আগের দুটি সফরে সবগুলো ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছিল মুশফিক-সাকিব-মাশরাফিদের। টেস্ট হোক বা ওয়ানডে; নিউজিল্যান্ডে গিয়ে একটি ম্যাচেও জয়ের দেখা পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। এবার দৃশ্যটা পাল্টাবে, নিউজিল্যান্ডের মাটিতেও উড়বে বাংলাদেশের বিজয় পতাকা – এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ছাড়াও বাংলাদেশ খেলবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। আগামী সোমবার প্রথম ওয়ানডের পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। ২০১৭ সালে বাংলাদেশের নতুন বছর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩, ৬ ও ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১২ জানুয়ারি থেকে ওয়েলিংটনে বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে প্রথম টেস্টে। আর ২০ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।





