বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বেতার ও মাল্টিমিডিয়া সম্প্রচার সংস্থা ভয়েস অব আমেরিকার ৭৫ বছর আর বাংলা বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর ইএমকে সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের ক্রান্তি লগ্নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে এ দেশের জনগণের পাশে থেকেছে ভয়েস অব আমেরিকা।এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও আমেরিকার মৈত্রী বন্ধনের প্রধান সেতু বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ১/১১ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় জনগণের পাশে ছিল ভয়েস অব আমেরিকা।
এ অনুষ্ঠানে সংস্থাটির তথ্য ও ইতিহাস সম্বলিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক নিকোলাস পপ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানসহ বিশিষ্টজনরা।
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার জানান, বাংলাদেশের জনগণের কাছে নানা বিষয় তুলে ধরতে কয়েকটি বেসরকারি টেলিভিশন ও রেডিও’র সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় গেলো বছর থেকে আরটিভির সঙ্গে কাজ করছে ভিওএ।
এ সময় আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমেরিকার রাজনীতিসহ মার্কিন প্রেক্ষাপট বাংলাদেশের দর্শকদের কাছে উপস্থাপনে আরটিভিকে বেছে নেয়ায় ভয়েস অব আমেরিকাকে ধন্যবাদ।
৭৫ বছর ও বাংলা বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে ভয়েস অব আমেরিকার আলোকচিত্র প্রদর্শনী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।



