স্পোর্টস ডেস্কঃ আগামী ১৫ মার্চ শততম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এদিন কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
লঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজ সূচি নিশ্চিত করেছে ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য পদ পাওয়ার পর ২০০০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এর প্রায় দেড় যুগ পর একটা মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আইসিসির কনিষ্ঠতম এই পূর্ণ সদস্য।
সফরকালে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। গলে ৭ মার্চ শুরু হবে সিরিজের প্রথম এবং ১৫ ম্যাচ দ্বিতীয় টেস্ট শুরু হবে। মূল সিরিজ শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
সফরকালে স্বাগতিকদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও খেলবে বাংলাদেশ। সীমিতও ওভারে একটি প্রস্তুতি ম্যাচ হবে ২২ মার্চ। এরপর ২৫, ২৮ ও ১ এপ্রিল হবে তিনটি ওয়ানডে ম্যাচ। সবশেষ ৪ ও ৬ এপ্রিল দুই ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে দুদলের মধ্যে।
২০১৩ সালের পর শ্রীলঙ্কায় এটিই বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। যেই সফরে বাংলাদেশ গল টেস্ট ড্র এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ম্যাচে ভাগাভাগি করেছিল।



