অর্থনৈতিক ডেস্ক: বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু মনে করেন বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পার্টনারশিপের মতো।
তিনি বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যে ভুল বোঝাবুজি হয়েছিল সেটা এখন অতীত। সেটা আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি।
সোমবার বিকেলে রাজধানীর হেয়ার রোডে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কৌশিক বসু বলেন, ‘বাংলাদেশ এতদিন স্বল্পোন্নত দেশ ছিল। এখন বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। নিম্ন-মধ্যম আয়ের দেশ কিন্তু ভারতও। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটি মানদণ্ডে উন্নীত হবে, যা অনেকটা পার্টনারশিপের মতো।’
বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করে কৌশিক বসু বলেন, ‘গত ৫/৬ বছরে বাংলাদেশ এক্সক্লুসিভ প্রবৃদ্ধি অর্জন করেছে। পৃথিবীতে খুব কম দেশেই এটা হয়েছে। এটা অনেক বড় বিষয়। তবে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে বিনিয়োগের হার ৩৩ থেকে ৩৪ শতাংশে উন্নীত করতে হবে।’
তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য অবকাঠামো একটি বড় বিষয়। অবকাঠামো খাতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে এক্ষেত্রে আরো কাজ করতে হবে। এ ছাড়া ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়াতে হবে। এটা বাড়াতে পারলে বাড়তি রাজস্ব অবকাঠামো খাতে ব্যয় করা সম্ভব হবে।’
এ সময় বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কের বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে এখন যেমন সম্পর্ক আছে, আমরা সেই রকমই চাই। বিশ্বব্যাংক প্রতিনিধিকে আমি বলেছি, আমরা বিশ্বব্যাংককে পার্টনার বলেই মনে করি।’
বৈদেশিক বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইতিপূর্বে বলেছিলাম, দেশে বৈদেশিক বিনিয়োগ তেমন হচ্ছে না। কিন্তু সম্প্রতি আমি পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি। তারা জানিয়েছেন, তাদের কাছে কোরিয়াসহ ৩৯টি দেশের বৈদেশিক বিনিয়োগের প্রস্তাব আছে। বাজেট সহায়তা নিয়ে কোনো কথা হয়নি। তবে এটা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।’
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি সপ্তাহে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন হবে। আর জানুয়ারি থেকেই নতুন কাঠমো অনুযায়ী বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা।’