আজ ২৮ এপ্রিল, ২০২১ ইং রোজ বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ গণমাধ্যমের উদ্দেশ্যে এক বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দেশের জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ণের কাজ চলছে। ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে ব্যাপকভিত্তিক আলোচনা না করেই ৬লক্ষ কোটি টাকার বেশী যে বাজেট আসছে, তার কতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে আর প্রান্তিক পর্যায়ের জনগণের জন্য সেটা কতখানি সুফল বয়ে আনবে সেটা নিয়ে আমরা সন্দিহান। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বাজেট বাস্তবায়ন সাড়ে দশ শতাংশ কম হওয়া এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারাই বলে দেয় সরকারের কাজে সমন্বয়হীনতা কতটা প্রকট।
করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় লকডাউনের প্রজ্ঞাপন এবং শর্তে বারবার পরিবর্তন আনার মাধ্যমে প্রমানিত হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা ছাড়াই জনগুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান সরকার। দেশের এই ক্রান্তিকালে আমরা জাতির বিবেক হিসাবে পরিচিত গণমাধ্যম থেকে যে বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছিলাম, সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং অদৃশ্য শক্তির কলকাঠিতে আজ তা মারাত্বকভাবে হোঁচট খেয়েছে। জনগণ মনে করছে, বাঁশখালীতে পুলিশের নির্বিচারগুলিতে শ্রমিক হত্যা এবং আন্দোলনকারী শ্রমিকদের নামে মামলার ঘটনায় দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী জড়িত থাকায় দেশের অনেক গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারে নাই।
অন্যদিকে, গুলশানের একটি ফ্লাটে হতভাগ্য এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে দেশের আরেক বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালকের নামে মামলা হবার পর দেশের চিহ্নিত প্রথম সারির কয়েকটি গণমাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায় খন্ডিত সংবাদ পরিবেশন এবং অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে ভিকটিমকে নিয়ে সাংবাদিকতার নীতি বিবর্জিত প্রচারণায় আমরা হতাশ। বাঁশখালী এবং গুলশানের ঘটনায় মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ দেশের কিছু গণমাধ্যম। আমরা মনে করি, তাঁদের এই দুঃখজনক ভূমিকা দেশের পুরো গণমাধ্যম এবং দেশমাতৃকা ও ইসলামিক মূল্যবোধের পক্ষের বলিষ্ঠ সাংবাদিকতার ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। এর আগে আল-জাজিরা টেলিভিশনে বর্তমান সরকার সংশ্লিষ্টদের নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশের পরও অদৃশ্য সেই শক্তির ইশারায় রহস্যজনক নীরবতা পালন করতে বাধ্য হয়েছিলো আমাদের গণমাধ্যম। আমরা আশা করি, দেশের প্রতিটি সংকট নিরসনে এবং জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দেশের গণমাধ্যম তাঁদের অতীতের গৌরবজ্জ্বল ভূমিকা পালন করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে”।