বরিশালের নেতাকর্মীকে হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কোনো নেতাকর্মীদের হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেপ্তার-হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার গতকাল রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন।

আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী প্রচারণায় গ্রেপ্তার, মামলা-হামলা, হয়রানির ঘটনা ঘটায় বিএনপির মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।