বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ সবার -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর হাত ধরেই আমরা পেয়েছি আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন প্রাণপ্রিয় স্বাধীনতা। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সর্বাপেক্ষা উত্তম পন্থা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য সম্মিলিত প্রয়াস গ্রহণ করা। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ আমাদের সবার। তাই মত ও পথের পার্থক্য ভুলে আসুন সবাই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার কাজে অংশ নেই।

মন্ত্রী আজ রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা ও পরবর্তী প্রজন্ম যাতে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে শিক্ষকরা সে লক্ষ্যে আন্তরিক প্রয়াস চালিয়ে যাবেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য শতভাগ টিউশন ফি মওকুফের ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার একটি সার্থক প্রয়াস।

গত ১০ বছরে দেশের অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। ২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করবো। স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের তিনটি সূচকের মানদন্ডে বাংলাদেশ উন্নীত হয়েছে। এতদসত্বেও স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমাদের আরো অনেক দূর যেতে হবে। তাই অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অভ ট্রাস্টিজের সভাপতি ডঃ মোহাম্মদ ফরাসউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ইয়াসমিন হক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান সমাবর্তনে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।