রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মতবিনিময় সভা

বাংলাদেশ রেলওয়ের সেবাসমূহকে ডিজিটালাইজড করার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে আজ রেলভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপস্থিত ছিলেন।

সভায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রেলওয়ের বর্তমান সেবাকে আরো জনবান্ধব ও সহজতর করার লক্ষ্যে আইসিটি বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি জনবান্ধব ইন্টিগ্রেটেড রেলওয়ে ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম ও মোবাইল অ্যাপ তৈরি ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল সেবাকে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত সময়ে ও সহজে জনগণের হাতে পৌঁছে দেয়ার জন্য সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

ইন্টিগ্রেটেড রেলওয়ে অ্যাপ বাস্তবায়িত হলে একজন সাধারণ নাগরিক তার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই ট্রেনে সিট বাছাই থেকে শুরু করে সিট বুকিং ও টিকেটের মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি স্টেশন/ট্রেনের অবস্থান, গন্তব্যের দূরত্ব ও লোকাল ট্রান্সপোর্ট সেবার সাথে একজন নাগরিক সহজেই যুক্ত হতে পারবেন। যাত্রাকালীন সময়ে বিভিন্ন ধরণের অভ্যন্তরীণসেবা যেমন ট্রেনের ভেতর খাবারের অর্ডার করা বা অনাকাঙ্খিত পরিস্থিতিতে রেলপুলিশের সহযোগিতার জন্য অভিযোগ দায়ের করতে পারবেন। এই ইন্টিগ্রেটেড সিস্টেমে মোবাইল অ্যাপের পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন, কলসেন্টার ও এসএমএস মাধ্যমে সকল সেবা পাওয়া যাবে। প্রস্তাবিত সিস্টেমটি প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে ব্যবহার করতে পারবেন। এ সকল ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সকল ধরণের কারিগরি সহযোগিতা প্রদান করবে।

সভায় রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, সুন্দর, আধুনিক, প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ চলছে। প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কালোবাজারিরোধসহ যাত্রীদের সার্বিকসেবা দেয়া সম্ভব বলে মন্ত্রী জানান। বর্তমানে রেলওয়ের বেশ কিছুসেবা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে প্রদান করা হচ্ছে, প্রস্তাবিত সিস্টেমটি বাস্তবায়িত হলে রেলের সকল সেবা একটি মাত্র প্লাটফর্ম থেকে প্রদান করা যাবে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তাবিত সিস্টেমটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর সমূহকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, এটুআই এর প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এবং উভয় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।