ঢাকা: সম্প্রতি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাথে অধুনালুপ্ত বিসিএস (ইকোনমিক) ক্যাডারের একীভূতকরণ কার্যক্রম সুসম্পন্ন হয়েছে।
এ প্রেক্ষিতে সদ্য–সাবেক বিসিএস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তারা আজ ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সাবেক ইকোনমিক ক্যাডার এসোসিয়েশনের সভাপতি ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কাজী জাহাঙ্গীর আলম এ সময় সকল কর্মকর্তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ সময় অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, এসোসিয়েশনের সাবেক মহাসচিব ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব ফরিদ আজিজ এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ নভেম্বর প্রশাসন ও ইকোনমিক ক্যাডার একীভূতকরণের এসআরও জারি হওয়ার দীর্ঘ এক বছর আট মাস পর এর বাস্তবায়ন চূড়ান্ত পরিণতি লাভ করেছে।





