যশোরে ক্ষতিগ্রস্ত ফুলচাষি ও ব্যবসায়ীদের সহায়তাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি

যশোর প্রতিনিধি: যশোরে করোনা ভাইরাস ও সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হচ্ছে। বর্তমানে দেশের ২৫টি জেলায় প্রায় ২০ হাজার কৃষক ও ২০ হাজার ব্যবসায়ী সরাসরি উৎপাদনের সাথে জড়িত। ৬ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল উৎপাদন করে সারা দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে যশোর জেলায় প্রায় ৬ হাজার কৃষক ১৫ শ’ হেক্টর জমিতে নানা জাতের ফুলের চাষ করে দেশের শতকরা ৭০ ভাগ চাহিদা মিটিয়ে থাকে। সম্ভাবনায় এই সেক্টরের প্রায় ৩০ লক্ষ মানুষ উৎপাদন থেকে বাজারজাতকরণের সাথে পরস্পর জীবন জীবিকায় নিয়োজিত। এতে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার বাজার গড়ে উঠেছে।

ফুল সেক্টরের এই উন্নয়নের ক্ষেত্রে দেশের ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি বর্গাচাষি ও ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা ভূমিকা রেখেছে। কিন্তু করোনাকালে দীর্ঘ চারমাস যশোরসহ দেশের বিভিন্ন ব্যবসায়ী-কৃষক একটি ফুলও বিক্রি করতে পারেনি। করোনাকালে কোন ফুল বেচাকেনা না করতে পেরে ৪৫০ কোটি টাকার ফুল নষ্ট হয়েছে। এর মধ্যে যশোর অঞ্চলে ৩শ’ কোটি টাকার ফুল নষ্ট হয়েছে দাবি ফ্লোওয়ার সোসাইটির। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে সহযোগিতার পাশাপাশি ৫ দফা দাবি করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। ৫ দফা দাবি সমূহ হলো, ৪ শতাংশ সুদে ফুল চাষি ও ফুল ব্যবসায়ীদের জরুরিভাবে ঋণ বিতরণ ও কৃষির বিশেষ প্রণোদনার ঋণ বিতরণের ক্ষেত্রে এলাকা ভিত্তিক ব্যাংক নির্ধারণ করে সহজ শর্তে বিনা জামানতে ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের ঋণ গ্রহণের সুযোগ দিতে হবে।

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ফুলচাষি বিশেষ করে জারবেরা চাষিদের আর্থিক অনুদান হিসাবে সরাসরি নগদ অর্থ, ফুল বাগানের শেডের উপকরণ সামগ্রী সরবরাহ করা। যশোরের পানিসারাতে ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র দাখিলকৃত ব্যবস্থাপনা নীতি দ্রুত অনুমোদন প্রয়োজন। গদখালিতে কেন্দ্রীয় ফুল গবেষণা কেন্দ্রের জমি অধিগ্রহণের চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত প্রেরণ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।