বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের সুদৃঢ় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা এবং বিনিয়োগ আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ।

মঙ্গলবার চীনের হাইনান প্রদেশের বোআও ল্যেছেং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম পাইলট জোনে হাইনান প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৈঠকে চীনের হাইনান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক ফেং ফেই ও ভাইস গভর্নর শিয়ে জিং সরাসরি অংশ নেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সর্বজনীন ও প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এই লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন কৌশলগত অঞ্চলে ২০টি বৃহৎ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব হাসপাতাল নির্মাণ, পরিচালনা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে আমরা চীনের কারিগরি সহযোগিতা ও উচ্চতর প্রশিক্ষণ প্রত্যাশা করছি।”

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের জন্য চীনের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ও বৃত্তি প্রদান, চিকিৎসক ও বিশেষজ্ঞ বিনিময়, আধুনিক মেডিকেল প্রশিক্ষণ, গ্রীষ্মমণ্ডলীয় (ট্রপিক্যাল) রোগ প্রতিরোধ এবং ঐতিহ্যবাহী প্রাচীন চাইনিজ মেডিসিনের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে গভীর আলোচনা হয়। এ ছাড়া স্তন ক্যানসারের মতো মারাত্মক অসংক্রামক ব্যাধি প্রতিরোধ এবং ডেঙ্গু, থ্যালাসেমিয়া ও হামের মতো সংক্রামক ব্যাধি মোকাবিলায় বাংলাদেশের চ্যালেঞ্জ ও অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

মেডিকেল ম্যানুফ্যাকচারিং খাতে চীনা শিল্পোদ্যোক্তাদের বিনিয়োগের উদাত্ত আহ্বান জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, সার্জিক্যাল গ্লাভস, মাস্ক, মানসম্পন্ন ব্লাড ব্যাগসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উৎপাদনে হাইনানভিত্তিক স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যৌথ বা একক মালিকানায় কারখানা স্থাপন করতে পারে। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন চিকিৎসা পণ্য রপ্তানির নতুন দুয়ার উন্মোচিত হবে।

বৈঠকে হাইনানের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশি চিকিৎসকদের চীন সফর, যৌথ উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদান এবং বাংলাদেশে অবকাঠামোগত বিনিয়োগে পূর্ণ সহযোগিতার ইতিবাচক আশ্বাস দেন।

আন্তর্জাতিক এই দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর, চীনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. জিয়াউর রহমান এবং প্রখ্যাত মালিশা গ্রুপের মহাব্যবস্থাপক মারুফ মোল্লা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।