বগুড়ায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়ায় আনন্দ শোভাযাত্রা

বগুড়া প্রতিনিধি: মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি সোমবার বিকালে বগুড়া জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বগুড়া সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে কার্যালয়ে সভায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, তপন চক্রবর্তী, মাফুজুল ইসলাম রাজ, আব্দুস সালাম, সামছুদ্দিন শেখ হেলাল, শুভাশিস পোদ্দার লিটন, আলমগির বাদশা, নাইমুর রাজ্জাক তিতাস, মঞ্জুরুল হক মঞ্জু, অসীম কুমার রায়, ডালিয়া নাসরিন রিক্তা, বিলাসী রানী সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাস করেন বলেই সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখেনি। এ কারণেই সারাদেশের মতো বগুড়াতেও ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন হওয়া এর জ্বলন্ত উদাহরণ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ। এর মধ্য দিয়ে বগুড়া শিক্ষানগরী হিসেবে একটি আলাদা স্থান করে নিবে। বগুড়ার আর্থ-সামাজিক সহ সকল ক্ষেত্রে উন্নয়নের এক নবদিগন্ত সৃষ্টি হবে। বগুড়াসহ এ অঞ্চলের মানুষ খুব স্বল্প খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত হবে। বগুড়াকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বগুড়াবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এ সময় বক্তারা বগুড়ার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।