প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা ও দেশপ্রেম-ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা ও দেশপ্রেম-ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম। এ তিনটি গুণ মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি এবং জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কৃষি জমি সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে হবে। তিনি বলেন, অকৃষি জমির সুপরিকল্পিত ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভূমি সম্পর্কিত সমস্যা সমাধানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য বাসোপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বোত্র নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

সালেহ আহমেদ বলেন, দেশপ্রেম এমন এক অনুভূতি, যা একজন নাগরিককে তার দেশের জনগণ ও জন্মভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতায় আবদ্ধ করে। এটি মানুষকে দেশের কল্যাণে আত্মনিবেদিত হতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক কখনো দুর্নীতি, অন্যায় বা দেশবিরোধী কাজে জড়ায় না।

সে দেশের আইন মেনে চলে, নিজের কাজ সৎভাবে সম্পন্ন করে, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা, দেশের সম্পদ রক্ষা করা, পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণ করা, এবং দেশের অগ্রগতিতে অবদান রাখাসহ প্রতিদিনের ছোট ছোট কাজে দেশপ্রেম প্রকাশ পায়। তিনি আরো বলেন, আমাদের উচিত দেশপ্রেমকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করাতে নতুন প্রজন্মকে উদ্ভূত করা। প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে প্রকৃত দেশপ্রেমের পরিচায়ক।

 সভায় আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।