পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক ও অযৌক্তিক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, পুনরায় নির্বাচনের দাবি মোটেও সাংবিধানিক নয় এবং অযৌক্তিক। জনগণের দেয়া ভোটকে এভাবে অসম্মান করা সমীচীন নয়।

আজ রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক জাফরোল হাসানের অবসরজনিত বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নারী শিক্ষা নিয়ে আল্লামা শফীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আল্লামা শফী যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত অভিমত। কিন্তু তাঁর এসব বক্তব্য বর্তমান সরকারের দেশ পরিচালনায় বা নীতির কোন পরিবর্তন আনবে না। শেখ হাসিনার সরকার নারী অধিকারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সেটা আরো দৃঢ় হবে এবং আরো এগিয়ে যাবে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দিতে না পারলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কোন মূল্য থাকবে না। তাই আইনি সহায়তা কার্যক্রম জোরদার করার জন্য সংস্থাকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সংস্থার অধীন লিগ্যাল এইড অফিসারের সকল শূন্যপদ পূরণ করা হবে। জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার কার্যক্রম জোরদার করা হবে। এক্ষেত্রে টেলিভিশনের মাধ্যমে প্রচারকে অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সাক্ষ্য আইন এবং বৈষম্য বিরোধ আইন উত্থাপনের লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ করছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্মসচিব গোলাম সারওয়ার, দাতা সংস্থার প্রতিনিধি প্রমুখ বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।