খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদের সুরক্ষা ও চিংড়ির মান নিয়ন্ত্রণে এক বিশেষ মোবাইল কোর্ট এবং পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলার শিববাটি, মিনহাজ্ব বাজার ও গড়ইখালি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এ সময় মৎস্য ও মৎস্যপন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
একই সাথে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে ধরা আনুমানিক ১ লক্ষ পার্শে মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনাগুলো পরবর্তীতে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন মৎস্য সম্পদের ক্ষতি সাধন করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং চিংড়ির মান সুরক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে মৎস্য কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণবীর সরকার।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ নৌ পুলিশের শিববাটি নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল।মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ ঠেকাতে এবং বাজারে গুণগত মান বজায় রাখতে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।



