মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে তথ্য অধিকার ২০০৯ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি সচিব, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ অধ্যক্ষ, ডাক্তার, উন্নয়নকর্মী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক অংশগ্রহণ করেন।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন সেশন পরিচালনা করেন সাবেক সচিব ও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক এ,কে এম তারিকুল আলম। তথ্য কমিশনার বিভিন্ন সেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন, তথ্য পাওয়ার প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, আপীল প্রক্রিয়া, তথ্য প্রদান না করার শাস্তি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার ফাঁকে ফাঁকে তিনি উপস্থিত সরকারি কর্মকর্তাদের নিকট তাদের চলমান অনুশীলন বিষয়ে জানতে চান। যা প্রশিক্ষণ কর্মসূচীকে প্রাণবন্ত করে তোলে। সবশেষে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্ত্তৃক ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার জন্য অংশগ্রহণকারীদের উদাত্ত আহবান জানান।



