বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক দন্ডিত আসামী সাবেক ডিসি পূর্ব মো: ওবায়দুর রহমান ও সাবেক ডিসি দক্ষিণ খান সাইদ হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শাহেদ নূর উদ্দিন জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবী মো: নজরুল ইসলাম কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১০ অক্টোবর মামলাটির রায়ে এ দুই আসামী পলাতক অবস্থায় দন্ডবিধির ২১২ ধারায় মুত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে অভিযুক্ত আসামীদের প্রশ্রয় দেওয়া এবং এবং ২১৭ ধারায় অপরাধীদের শাস্তি হতে বাঁচানোর চেষ্টার অভিযোগে ও ২০১ ধারায় অপরাধীকে বাঁচানোর জন্য সাক্ষ্য-প্রমান অদৃশ্য করার অভিযোগে প্রত্যেক ধারায় ২ বছর করে কারাদন্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। কারাদন্ডের পাশাপাশি তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে প্রত্যেক ধারায় ৬ মাস করে কারাদন্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে প্রত্যেক ধারার সাজা একযোগে চলবে বলে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, মামলা দুইটির রায়ে অন্যান্য আসামীদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামির মৃত্যুদন্ড এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।





