বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন ঠেকানোর মত ক্ষমতা বিএনপির নেই। আগামী জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের দলের অস্তিত্ব টিকে থাকবে না। বললেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
আজ বুধবার দুপুরে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারি ও কৃষক সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে। আর তা না হলে কে নির্বাচনে আসলো না আসলো তার জন্য নির্বাচন বসে থাকবে না।
দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে নির্বাচনে আসতে বলেছিলেন। কিন্তু এতে তিনি সাড়া দেননি।
গেলো কয়েকদিন আগে কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে টেন্ডার ছাড়াই কর্তৃপক্ষ যে সরকারি গাছ কেটে ফেলেছে মন্ত্রী সে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেও জানান।
এর আগে মন্ত্রী কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে গরু রাখার জন্য বুল সেড উদ্বোধন ও কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শন করেন ও ডেইরি ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন।
মন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাসসুদুল হাসান খাঁন, প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা.আইনুল হক, কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি এ এম এম সালেহ, কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের উপ-পরিচালক লুৎফর রহমান প্রমুখ।




