আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী সরকারের জনকেন্দ্রিক ও মানবিক সামাজিক সুরক্ষা কার্যক্রম তুলে ধরে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উদ্যোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আইসিআরসি প্রতিনিধিকে অবহিত করেন।
নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নতুন ধরনের ডিজিটাল হুমকি ও এর মানবিক প্রভাব মোকাবিলায় আইসিআরসির সহযোগিতা প্রয়োজন।
তিনি আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) নিয়ে ঢাকায় আইসিআরসির একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের বিষয়ে বিবেচনা করার প্রস্তাব দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে সংঘটিত নৃশংসতা ও রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পূর্ণ হয়েছে আজ।
তিনি রোহিঙ্গাদের জন্য আইসিআরসির চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আইসিআরসিকে আরও জোরালোভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
অন্যদিকে আইসিআরসির আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজ আইসিআরসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
তিনি আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ক বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের গঠনমূলক অবদানের কথা উল্লেখ করেন।
বিশেষ করে ‘আইএইচএল অ্যান্ড পিস’ ওয়ার্কস্ট্রিমের কো-চেয়ার হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সাভিওজ আন্তর্জাতিক মানবিক আইন প্রচার, সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।




