টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৮ জুন) সকাল সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর পরদিন অর্থাৎ সোমবার (১০ জুন) তিনি ঢাকায় ফিরবেন।
ফ্লাইটটি নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণের পর প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন।
নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন।
পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
শেখ হাসিনা নয়াদিল্লি ত্যাগ করার আগে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।





