অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ বিভিন্ন দেশ চিন থেকে নাগরিকদের ফেরাতে একাধিক তৎপরতা নিচ্ছে তখন বন্ধু বেজিংয়ের এই দুর্দিনে পাশে দাড়ালো ইসলামাবাদ। আটকে থাকা পাক নাগরিকদের দেশে ফেরানোর কোনও ব্যবস্থা না করে উল্টো সহমর্মিতা জানাতে পাক নাগরিকদের চিনে রাখারই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
করোনা আতঙ্কে ঘুম ছুটেছে চিনের জিংপিং সরকারের। চিনের ইউহান প্রদেশেই সবচেয়ে বেশি করোনা ভাইরাসের প্রকোপ। দেশটির মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাস চীনের বাইরে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিভিন্ন দেশ চিন থেকে নাগরিকদের ফেরাতে একাধিক তৎপরতা নিচ্ছে। তবে বেজিংয়ের এই দুর্দিনে পাশে ইসলামাবাদ। ইউহান প্রদেশে আটকে থাকা পাক নাগরিকদের দেশে ফেরানোর কোনও ব্যবস্থাই করছে না পাক প্রশাসন। বরং ‘সহমর্মিতা’ জানাতে পাক নাগরিকদের চিনে রাখারই সিদ্ধান্ত পাকিস্তানের।
চিনের ইউহান প্রদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০০ পাকিস্তানি নাগরিক পড়াশোনা করেন। পাকিস্তানের ডন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী জাফর মির্জা জানান, ‘এখন আমাদের বন্ধু চিনের পাশে দাঁড়ানোর সময়। চিন থেকে কোনও পাক নাগরিককে সরানো হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র পরামর্শ মেনে চিন যা সিদ্ধান্ত নিয়েছে আমরাও সেই সিদ্ধান্তে সহমত পোষণ করছি। চিনের এই দুর্দিনে আমরা পাশে আছি। তিনি আরও বলেন, ইউহান প্রদেশে মহামারী রুখতে যথেষ্ট তৎপরতা নিয়েছে চিন সরকার। আর তাই এখনই ইউহান থেকে পাক নাগরিকদের সরিয়ে নিলে অন্য কোথাও ওই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
চিন থেকে নাগরিকদের না সরালেও তাঁদের পাশে থাকারই বার্তা দিয়েছে ইসলামাবাদ। এই প্রসঙ্গে পাক প্রশাসনের ওই শীর্ষকর্তা আরও বলেন, ইউহান থেকে পাক নাগরিকদের সরানো হচ্ছে না সঙ্গত কারণেই। এর মানে এই নয় যে আমরা তাঁদের পাশে নিই। চিনে থাকা সব পাক নাগরিকদেরই পাশে রয়েছে পাক প্রশাসন। চিনের এই তৎপরতায় ভরসা রয়েছে পাকিস্তানের।