অগ্নি দুর্ঘটনা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া সেল প্রেরিত এই প্রেস বার্তায় অধিদপ্তরের মহাপরিচালকের বরাত দিয়ে জানানো হয়, শীত মৌসুমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি অন্য সময়ের চেয়ে বৃদ্ধি পায়। এ সময় প্রকৃতিতে শুষ্কতা বিরাজ করে যার ফলে গাছ-পালাসহ সকল দাহ্যবস্তু শুকিয়ে যায়। ফলে অনাকাক্সিক্ষত আগুন লাগার ঝুঁকি বৃদ্ধি পায়। সংশ্লষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই ঝুঁকি প্রশমিত করা সম্ভব বলে তিনি মনে করেন।
সম্প্রতি বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়ে অনাকাঙ্খিত প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে আইন মতো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে কিনা, সেগুলো নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করে কার্যোপযোগী রাখা হয়েছে কিনা এবং দুর্ঘটনার সময় সেগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষিত লোকবল আছে কিনা তা এখনই নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।





