দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে বাংলাদেশ -ভারতীয় হাই কমিশনার

দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে বাংলাদেশ -ভারতীয় হাই কমিশনার
দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন।
ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ঠ গুরুত্ব দেয় উল্লেখ করে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সিপিএ ও আইপিইউ-র মত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া, সংসদ সদস্যগণের পারস্পরিক সফর ও ভারতের লোকসভায় কর্মকর্তাদের প্রশিক্ষণ উভয় দেশের সংসদীয় গণতন্ত্রকে আরো সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পীকার নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে স্পীকার বলেন, ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, বিশ্বস্ত বন্ধুও বটে। নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন স্পীকার।
সাক্ষাৎকালে তারা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ভারতীয় হাইকমিশনারকে তাঁর দায়িত্ব পালনকালে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।