দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা জামান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের লিখিত অভিযোগ ও দি নিউজ অনলাইন পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত একাধিক খবর প্রকাশিত হওয়ায় তাকে স্ট্যান্ডরিলিজ করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
রংপুর জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ ফাতেমাকে আহবায়ক করে উক্ত তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন রংপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবি শংকর মন্ডল ও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
গত বুধবার ওই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজের খবরটি তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে কর্মকর্তা কর্মচারীরা স্বস্তি প্রকাশ করে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন। তাদের সাথে এলাকাবাসীও স্বস্তি প্রকাশ করে আনন্দ প্রকাশ করেন ডাঃ মোস্তফা জামানের স্ট্যান্ডরিলিজের খবর পেয়ে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে গতকাল শুক্রবার জানতে চাইলে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার মুঠোফোনে বলেন, তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার ডেপুটি সিভিল সার্জনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত বুধবার তার বদলীর আদেশও পেয়েছি। তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলী করা হয়েছে।


