দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রায় ২ ঘন্টা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্ততায় পাঁচটি শর্তে অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ জনতা। ঘটনাটি ঘটেছে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বেলতলী নামক স্থানে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, এইচএ প্লাস পরিবহনের রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বেলতলী নামক স্থানে পৌঁছলে বাসটির সামনের ডানদিকের চাকা ফেটে পামচার হয়ে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে থাকা একটি দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়।
এসময় বাসটির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই ঘনিরামপুর গ্রামের তহির উদ্দিনের পুত্র ভ্যান চালক হাজ্জাদ (৫০) নামে ১ জনের মৃত্যু হয়, আহত হয় আরো ১০ জন। আহতরা হলেন বাচ্চু চন্দ্র দাস, মোছাঃ তমা, তারাবানু, বাবু, মোছাদ্দেক, হোসেন আলী, ফাতেমা, জামাল, ফরিদ ও ফুয়াদ। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনায় স্থানীয় জনতা বিক্ষ্দ্ধু হয়ে প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি, তারাগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার, এএসপি (সার্কেল-বি) এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের মধ্যস্থতায় ৫টি শর্তে অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা।
যে ৫ শর্তে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ জনতা : দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি তুলে নিতে চাইলে বাধা দেয় স্থানীয় জনতা। এসময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় উপস্থিত স্থানীয়দের। অবরোধ তুলে নিতে জোর প্রচেষ্টা চালায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। এতে ব্যর্থ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, হাইওয়ে থানার ওসি, তারাগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার ও এএসপি (সার্কেল-বি) এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের মধ্যস্থতায় ৫টি শর্তে অবরোধ তুলে নেয় জনগণ। শর্ত ৫টি হচ্ছে, (১) নিহতের পরিবারকে ক্ষতিপুরণ দিতে হবে, (২) আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে, (৩) ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের ক্ষতিপুরণ দিতে হবে, (৪) সড়ক বিভাজন দিতে হবে ও (৫) গতিরোধক দিতে হবে।