তারাগঞ্জে ঘনবসতিপূর্ণ এলাকার কৃষি জমিতে ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

তারাগঞ্জে ঘনবসতিপূর্ণ এলাকার কৃষি জমিতে ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

দিপক রায়, রংপুর প্রতিনিধি : উপজেলা প্রশাসনের নীরব ভূমিকার কারণে রংপুরের তারাগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে অর্ধশত অবৈধ ইটভাটা। কৃষি জমিতে অবৈধ ইটভাটা নির্মাণের ফলে গিলে খাচ্ছে উর্বর কৃষি জমি, কমে যাচ্ছে উৎপাদিত ফসল, নষ্ট হচ্ছে গাছের ফলমূল, দুষিত হচ্ছে পরিবেশ। আবার কোন কোন ইটভাটায় চলছে শিশুদের দিয়ে ইট তৈরির ঝুঁকিপূর্ণ কাজ। এসব ইটভাটার মালিকরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ফাঁকি দিচ্ছে সরকারি রাজস্ব।

সরেজমিনে ঘুরে জানা গেছে, তারাগঞ্জ সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের মাঝখানে ঘনবসতিপূর্ণ এলাকা সংলগ্ন উর্বর কৃষি জমিতে গড়ে উঠেছে মেসার্স লাবলু ব্রীক্স (এম.এল.বি) নামে বিশাল বড় এক ইটভাটা। ওই ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় বিত্তবানদের মুখ বন্ধ করে দিয়ে ক্ষমতার দাপটে চালিয়ে যাচ্ছে তার অবৈধ ইটভাটা। এবিষয়ে ওই ইটভাটার মালিক লাবলু মিয়া ও তার ম্যানেজারের কাছে ইটভাটা নির্মাণের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স আছে কি না, জানতে চাইলে তারা জানায়, সেটা প্রশাসন ও আমাদের ব্যাপার সাংবাদিকদের কি।

এছাড়াও ইকরচালী ইউনিয়নের ত্যারোমাইল রাস্তা সংলগ্ন কাচনা গ্রামের পাশে ফসলি জমি ও ঘনবসতিপূর্ণ এলাকা ঘেঁষে অবৈধভাবে নির্মিত হয়েছে মেসার্স ছাবেয়া ব্রিকস ম্যানুফ্যাকচার-২ নামের দুটি ইটভাটার অনুমোদন না থাকলেও সেখানে দেদারছে চলছে ইট প্রস্তুতির কাজ। তিনি স্থানীয় প্রভাবশালী নেতা ও উপজেলা চেয়ারম্যান হওয়ায় তার দাপটে গ্রামের কোন লোকজনেই প্রশাসনের নিকট অভিযোগ করার সাহস পাচ্ছে না বলে জানা গেছে একাধিক সূত্রে। আবার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, প্রশাসনের কাছে উপজেলা চেয়ারম্যানের ইট ভাটার অভিযোগ করি কি হইবে ? প্রশাসনতো তার কথাতে চলে। ইট প্রস্তুতি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৮ ধারায় বলা আছে কৃষি জমি ও আবাসিক এলাকায়, সরকারি বা ব্যক্তিগত বন, অভয়ারণ্য, বাগান, জলাভূমিতে ইটভাটা স্থাপন করা যাবে না।

আবার ৮ এর দুই ধারায় বলা হয়েছে নিষিদ্ধ এলাকার সীমানার মধ্যে ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্ততর বা অন্য কোন কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র কিংবা লাইসেন্স প্রাপ্তি ব্যতিত ইট ভাটা স্থাপন করতে পারবে না। এরপরেও আইন আমান্য করে গড়ে উঠেছে তারাগঞ্জে অর্ধশত ইটভাটা।

উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটার মালিক তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নব্য আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান (লিটন) বলেন, আগে আমি সতন্ত্র চেয়ারম্যান ছিলাম এখন আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান হয়েছি। কাগজপত্র ছাড়া এরকম দু চারটা কল কারখানা আমার থাকতেই পারে। উপজেলা কৃষি কর্মকর্তা ঊমি তাবাস্সুম বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা ও উর্বর কৃষি জমিতে ইটভাটা স্থাপনের অনুমোদন দেয়ার কোন নিয়ম নেই। ইকরচালী গ্রামের ত্যারোমাইল নামক ঘনবসতি এলাকা ও ফসলি জমির মাঝখানে বিশাল এলাকাজুড়ে ইটভাটা দুটিতে ইট প্রস্তুতির কাজ চলছে। ওই এলাকার বেশ কয়েকজন জানান, চোখের সামনে ইটভাটা হয়েছে ধুমা ছাইয়ে থাকা যাচ্ছে না, পরিবেশ দূষণ হচ্ছে, গাছপালাও নষ্ট হচ্ছে, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষণ।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, এ উপজেলায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। তার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ৩টি ইটভাটা আছে। ভাটাগুলো অবৈধ হলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।