জনসংযোগ কর্মকর্তাদের ডিজিটাল ফোর্স হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বৈজ্ঞানিক উপাত্ত ও তথ্য বিশ্লেষণকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট এবং নেতিবাচক প্রচারণা মোকাবিলা করতে হবে।  সময়ের চাহিদা অনুযায়ী জনসংযোগ কর্মকর্তাদের দক্ষ ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সঠিক ও নির্ভরযোগ্য উপাত্ত ছাড়া কোনো জনসংযোগ বা প্রচার কৌশল কার্যকর হতে পারে না। তাই যে কোনো বার্তা বা প্রচারণা তৈরিতে সুনির্দিষ্ট, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময় হচ্ছে ডেটা বা উপাত্তের যুগ। মাঠপর্যায়ের কার্যক্রম কিংবা সরকারের বার্তা জনগণের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা কেবল ধারণা বা মৌখিক তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা সম্ভব নয়। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অকাট্য উপাত্ত থাকা জরুরি।

জহির উদ্দিন স্বপন বলেন, উপাত্তহীন তথ্য সমাজে কেবল ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচিত হয়, যার প্রাতিষ্ঠানিক বা বস্তুনিষ্ঠ মূল্য সীমিত। এজন্য তথ্য উপস্থাপনে পরিসংখ্যান ও তথ্যভিত্তিক বিশ্লেষণের গুরুত্ব বাড়ছে।

জনসংযোগ ব্যবস্থার আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্ট বিশ্লেষণের মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া সহজেই বোঝা যায়। একটি সংবাদ বা তথ্যের প্রতি কতটি লাইক, ডিসলাইক কিংবা কী ধরনের মন্তব্য এসেছে—এসব বিশ্লেষণ করে জনমতের স্পষ্ট চিত্র তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য যদি পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা যায়, তাহলে তথ্যের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পায়। উপাত্তভিত্তিক প্রচারণাই বিভ্রান্তি দূর করে জনমনে সঠিক ধারণা গড়ে তুলতে সক্ষম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।