দেশে প্রাণঘাতী করোনায় ডিএমপির ৪৪৭ কর্মকর্তা আক্রান্ত, মোট আক্রান্তের ১০%

দেশে প্রাণঘাতী করোনায় ডিএমপির ৪৪৭ কর্মকর্তা আক্রান্ত, মোট আক্রান্তের ১০%

প্রাণঘাতী করোনা ভাইরাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৪৪৭ জন কর্মকর্তা ও সিভিল স্টাফ আক্রান্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের প্রায় ১০ শতাংশ বাংলাদেশ পুলিশের সদস্য। আক্রান্তদের মধ্যে কনস্টবল থেকে এডিসি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর বাইরে কয়েকজন আনসার সদস্য ও সিভিল স্টাফও রয়েছেন আক্রান্তের তালিকায়।

রোববার রাতে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেখানে আরও জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

ডিএমপি সদরদফতরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, ৩ মে পর্যন্ত ডিএমপির আক্রান্ত ৪৪৭ জনের তালিকায় রয়েছেন – ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর), ২৬ জন উপ-পরিদর্শক (এসআই), ২জন সার্জেন্ট, ৫৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২২ জন নায়েক ও ৩১৪ জন কনস্টবল।

এর বাইরে ডিএমপিতে কর্মরত ১০ জন সিভিল স্টাফ ও সাতজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় শুরু থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে ও জনকল্যাণে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভাইরাস আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের চিকিৎসার জন্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে হাসপাতাল বরাদ্দসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।